রোজার শুরুতেই সাড়া ফেলেছে ‘গরীবের রমজান’
অভি মঈনুদ্দীন ঃ নাটকে এই সময়ে দর্শকের বেশ প্রিয় হয়ে উঠেছেন একের পর এক একসঙ্গে নাটকে কাজ করা এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী তন্ময় সোহেল ও মিম চৌধুরী। দুজনের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলায় তারা দর্শকের কাছে প্রিয় জুটিতেও পরিণত হয়েছেন। যে কারণে তাদেরকে নিয়ে নির্মাতারা আগ্রহী হয়েও উঠছেন।
রোজা শুরু হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি থেকে। গত ১৭ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে তন্ময় সোহেল ও মিম চৌধুরী অভিনীত নতুন নাটক ‘গরীবের রমজান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফজলুল হক। যেহেতু রোজা নিয়ে নাটকটির মূল গল্প, তাই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এরইমধ্যে নাটকটি ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে তন্ময় সোহেল বলেন,‘ মিমের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। দর্শক আমাদের অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করছেন এবং আরো নাটকে একসঙ্গে কাজ করার জন্যও তারা বিশেষভাবে অনুরোধও করছেন। দর্শকের কথা মাথায় রেখেই আমাদের এই নাটকে অভিনয় করা। এই নাটকটি মূলত রোজাকে ঘিরে সংসারের গল্প। আমি ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছি। আমার স্ত্রীর চরিত্রে মিম। মিম গরীব ঘরের মেয়ে। আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন হিমে হাফিজ ভাই। যেহেতু তার আয় রোজগার বেশি। তার শ্বাশুরবাড়িও অপেক্ষাকৃত ধনী। তাই তার শ্বশুরবাড়ি থেকে অনেক টাকার ইফতার আসে রোজাতে। কিন্তু আমার শ্বশুরবাড়ি অপেক্ষাকৃত গরীব। তাই সামান্য টাকার ইফতার নিয়ে আসেন একদিন আমার শ্বশুর। এসব নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
মিম চৌধুরী বলেন,‘ গরীবের রমজান একেবারেই আমাদের গ্রামীন জীবনের সাধারণ একটি গল্প। যে কারণে নাটকটি প্রচারের পর থেকে ভালো সাড়া মিলছে। এখনতো আসলে নাটক নির্মাণে নানান ধরনের প্রতিকুলতা বাড়ছে প্রতিনিয়ত। এই প্রতিকুলতার মধ্যেও নির্মাতা চেষ্টা করেছেন বেশ ভালোভাবে গল্পটা তুলে ধরার জন্য। আমি সবসময়ই চেষ্টা করি নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। তন্ময় সোহেল ভাইয়ের সঙ্গে আমার অভিনীত নাটকগুলো দর্শক বেশ পছন্দ করছেন।’
এদিকে গত বৃহস্পতিবার রাতে মিম চৌধুরী ‘গ্লোবাল’ টিভিতে মিউজিক্যাল অনুষ্ঠানের (সরাসরি) উপস্থাপনা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158400