পাবনার সুজানগরে সরিষার বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

পাবনার সুজানগরে সরিষার বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে এবছর সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১০টি ইউনিয়নে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮শ’ হেক্টর জমিতে। কিন্তু অনুকূল আবহাওয়া আর উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় কৃষি প্রণোদনা দেওয়ায় লক্ষ্যমাত্রা ছাপিয়ে আবাদ হয়েছে সাড়ে ১৮শ’ হেক্টর জমিতে। বিশেষ করে উপজেলার অধিকাংশ উঁচু জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

উপজেলার শাহপুর গ্রামের কৃষক আসলাম হোসেন বলেন, এ বছর ৩ বিঘা জমিতে বারি সরিষা-১৪ আবাদ করেছি। আর ২/৪ দিন পরেই মাঠ থেকে সরিষা উঠানো যাবে। আশা করছি ফলন খুব ভাল হবে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক আজমল হোসেন বলেন, সরিষা আবাদে খরচ কম লাভ বেশি। সে কারণে এ বছর উপজেলার বড় কৃষক থেকে শুরু করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরাও সরিষা আবাদ করেছে।

জানা যায়, প্রতি বিঘা সরিষা আবাদে সার-বীজসহ উৎপাদন খরচ হয় ২৫শ’ থেকে ৩ হাজার টাকা। ইতোমধ্যে চরাঞ্চলে আগাম আবাদ করা সরিষা উঠানো শুরু হয়েছে। এতে প্রতি বিঘায় ৬ মণ সরিষা উৎপাদন হয়েছে। বর্তমানে হাট-বাজারে সরিষার দামও ভাল। প্রতিমণ সরিষা বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩২শ’ টাকা দরে। ফলে বর্তমান বাজারে উৎপাদন খরচ বাদে প্রতি বিঘা সরিষায় কৃষকের দিগুণেরও বেশি লাভ হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন সরকার ভোজ্য তেলের উপর আমদানি নির্ভরতা কমিয়ে আনতে আগামী ৩/৪ বছরের মধ্যে শতকরা ৪০ ভাগ তেল ফসলের আবাদ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। সেকারণে উপজেলা কৃষি বিভাগ কৃষকদের পেঁয়াজের পাশাপাশি সরিষা আবাদে উদ্বুদ্ধ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158371