কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

কুয়াকাটা পর্যটনকেন্দ্রে একটি আচারের দোকানে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য মো. মাকসুদ আকনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ‘তানিসা আচার ঘর’ নামের দোকানে মাকসুদ আকনসহ কয়েকজন হামলা চালিয়ে ম্যানেজারকে মারধর ও দোকান ভাঙচুর করে। এ সময় দোকান থেকে নগদ ২২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার তিনজনকে আসামি করে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় পুলিশ প্রধান অভিযুক্ত মাকসুদ আকনকে গ্রেপ্তার করে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

দোকান মালিকের দাবি, মাকসুদ দোকান ছাড়তে চাপ ও ৩ লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় হামলা চালিয়ে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়। অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।

মহিপুর থানার ওসি মহব্বত খান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158333