অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারলো জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখায় জিম্বাবুয়ে। অনেকে সেটাকে অঘটন হিসেবে দেখেছিল। তবে অজিদের হারানো যে অঘটন ছিল না সেটাই প্রমাণ করলো সিকান্দার রাজার দল। এবার আরেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোতে টস জিতে আগে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। দলের পক্ষে পাথুম নিশাঙ্কা ৪১ বলে ৬২ রান করেন। ৮টি চার মারেন তিনি।
এছাড়া পাভান রাথনেয়েকে ৪৪, কুশল পেরেরা ২২ ও দুনিথ ওয়াল্লাগে করেন ১৫ রান। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারবানি, ব্রাড এভানস গ্রায়েম ক্রেমার নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানের ওপেনিং জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই জয়ের ভিত পেয়ে যায় জিম্বাবুয়ে। ২৬ বলে ৩৪ রান করেন ওপেনার তাদিওয়ানসে মারুমানি। পরের উইকেটে নেমে মাত্র ১২ বলে ২৩ রান করেন রায়ান বার্ল।
এরপর ওপেনার রায়ান বার্লকে নিয়ে ৬৯ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন দলনেতা সিকান্দার রাজা। মূলত এই জুটিতেই জয়ের একদম কাছাকাছিতে পৌঁছে যায় জিম্বাবুয়ে। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি রাজা। মাত্র ২৬ বলে ৪৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি।
এরপর টনি মুনিয়োঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান বেনেট। ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৮ রানে অপরাজিত থাকেন মুনিয়োঙ্গা। শ্রীলঙ্কার পক্ষে দুশান হেমান্থ নেন ২টি উইকেট।
এ জয়ের মাধ্যমে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে নিজেদের টেবিলের শীর্ষে অবস্থান করছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান দুই নম্বরে। তালিকার তিন নম্বরে আছে আয়ারল্যান্ড। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে চার এবং পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158326