কুড়িগ্রামে সম্পত্তির বিরোধে ২৫ ঘন্টা বাড়ির উঠানে পড়ে থাকে বাবার লাশ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন ছেলে। প্রায় ২৫ ঘন্টা কাফনের কাপড় পরিহিত অবস্থায় বাড়ির উঠানে খাটিয়ায় পড়ে থাকে লাশ। অত:পর এলাকাবাসীর উদ্যোগে বিষয়টি সমাধানে স্ট্যাম্পে লিখিত সমঝোতা হলে সম্পন্ন হয় জানাজা ও দাফন। ঘটনাটি ঘটেছে গত বুধবার পৌরসভার ৭নং ওয়ার্ড কাছারী পায়রাডাঙ্গা বাজারে।
জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন পৌরসভার কাছারী পায়রাডাঙ্গা বাজার এলাকার আজিজার রহমান (৯০)। পরদিন গত বুধবার বেলা ১১ টায় জানাজা শেষে তার দাফন হওয়ার কথা ছিল। এতে বাধা দেয় মৃতের বড় ছেলে আব্দুল হাকিম (৫৫)। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, তিনি এবং তার তিন বোন জোসনা, ময়না ও আজিমন বিবিকে রেখে মারা যান মা জয়গুন বেগম। এর কিছুদিন পরে বাবা আজিজার রহমান রহিমাকে দ্বিতীয় বিয়ে করেন। তার গর্ভে জন্ম নেয় ছেলে রফিকুল ইসলাম ও মেয়ে আকলিমা। পরবর্তীতে বাবা তাদের ৪ ভাই-বোনকে বঞ্চিত করে গোপনে ছোট ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও আকলিমার (৩০) নামে সকল সম্পত্তি লিখে দেন। এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বাবা আজিজার রহমান।
গত বুধবার সকাল সাড়ে ১০টায় জানাজার কথা থাকলেও প্রথম স্ত্রীর সন্তানরা এতে আপত্তি জানায়। এসময় বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে বণ্টন এবং প্রয়োজনীয় দলিল সম্পন্ন করার দাবি জানান তারা। অন্যথায় জানাজা ও দাফন করতে দেবেন না। পরে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এলাকাবাসী বিরোধ মীমাংসার চেষ্টা করলেও কোন ফলাফল হয়নি। এক পর্যায়ে এলাকাবাসী জানাজায় অংশ না নিয়ে ফিরে যান।
সন্ধ্যার পরে বিষয়টি সমাধানে আবারও উদ্যোগ নেয় এলাকাবাসী। এতেও সমাধান না হওয়ায় রাত ১১ টা পর্যন্ত কাফনের কাপড় পরিহিত অবস্থায় বাড়ির উঠানে খাটিয়ায় পড়ে থাকে লাশ। পরে দ্বিতীয় স্ত্রীর সন্তান রফিকুল ইসলাম প্রথম স্ত্রীর ছেলে আব্দুল হাকিমকে বসতভিটার ৮ শতাংশ এবং তিন মেয়ে জোসনা, ময়না ও আজিমন বিবিকে ১ লাখ টাকা করে দিতে সম্মত হয়। সেই মর্মে দলিল লেখার কাজ সম্পন্ন হয়।
বৃহস্পতিবার নাগেশ্বরী সাব রেজিস্ট্রি অফিসে দুইপক্ষের উপস্থিতিতে দলিলের কাজ সম্পন্ন হওয়ার শর্তে জানাজা ও দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন দলিল লেখক হাফিজুল ইসলাম ও নজরুল ইসলাম মোল্লা ও মৃত আজিজার রহমানের নাতি আব্দুল হাকিমের ছেলে মানিক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158305