বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত, গ্রেফতার ৪

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার : বগুড়ায় প্রতিপক্ষের হামলায় বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি সদরের শাখারিয়া ইউনিয়নের গোপাল বাড়ি গ্রামের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী। এ হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে আসামিদের বাড়িতে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় মোছা. বেগমকে বেদম মারপিট করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি বুধবার রাত ১২ টা ৫৫ মিনিটে তিনি মারা যান। 

জানা যায়, মোছা. বেগমের ছেলে সাহেদ তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হলে তার মামাতো ভাই আসামি রাশেদুল ইসলাম মীমাংসার জন্য চেষ্টা করেন। এসময় রাশেদুল ইসলামের সাথে শাহেদের মারামারি হয়। ওই মারামারির ঘটনায় রাশেদুল ইসলাম সাহেদকে মারধর করে। পরবর্তীতে মোছা. বেগম (৫৮) ও তার স্বামী আব্দুল মান্নান মন্ডল মীমাংসার জন্য রাশেদুলের বাবা  জিল্লার রহমানের বাড়িতে যান। এসময় আসামি জিল্লার রহমান (৫৫), রাশেদুল ইসলাম (৩৫), আশিকুল (২৪) ও মোছা. রাশেদা বেগম (৫০) মিমাংসা করতে আসা মোছা. বেগমকে লাঠিসহ ধারালো দেশিয় অস্ত্র দিয়ে মারপিট করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বেগমের ছেলে তুফান ও মেয়ে মিলি আক্তার এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে তারা। পরবর্তীতে উভয়পক্ষের লোকজন চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম।

ইন্সপেক্টর মাহফুজ আরো জানান, নিহত বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায়   জড়িত চারজন আসামিকেই গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-সদরের গোপালবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জিল্লার রহমান (৫৫), জিল্লার রহমানের দুই ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও আশিকুল (২৪) এবং রাশেদা বেগম (৫০)। 

 

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158271