গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ কর্মকর্তা
মফস্বল ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবের হাত-পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত মো. হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেক্স ট্রেনটি প্রবেশ করছিল। এসময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি জানান, মো. হাবিব সকালে অফিসের কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158266