রোনালদোকে ছাড়াই কোয়ার্টারে আল নাসর
স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় কেনা সম্পর্কিত বিরোধের জের ধরে আল নাসরের হয় দুটি ম্যাচ খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর সপ্তাহের শুরুতেই আল ফাতেহের বিপক্ষে খেলেছেন তিনি। দলও জিতেছে।
এবার আবারও আল নাসরের ম্যাচ মিস করলেন সিআর সেভেন। তাকে ছাড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কোয়ার্টার ফাইনালে উঠেছে আল-নাসর। বুধবার তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে দলটি। প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল আল-নাসর। মূলত রোনালদোকে এই ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি। কোচ হোর্হে হেসুস অপেক্ষাকৃত দুর্বল একাদশ মাঠে নামান, যেখানে শুরু থেকেই দলের বড় তারকাদের কেউ খেলেননি।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর পর সৌদি প্রো লিগ ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন রোনালদো। তার অভিযোগ ছিল, আল-হিলাল ও আল-আহলির তুলনায় আল-নাসর যথেষ্ট সমর্থন পাচ্ছে না। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী আল-হিলালের দলে করিম বেনজেমার যোগ দেওয়া তাকে ক্ষুব্ধ করেছিল। এই প্রতিবাদের কারণে দুটি ম্যাচ মিস করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। পরে লিগ কর্তৃপক্ষ তার আচরণ নিয়ে সতর্কবার্তাও দেয়। প্রতিবাদ শেষে দলে ফিরে গত সপ্তাহে আল-ফাতেহর বিপক্ষে গোল করেছিলেন রোনালদো। তবে আরকাদাগের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়, যা দলের ঠাসা সূচি বিবেচনায় স্বাভাবিক সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই উইঙ্গার আবদুল রহমান গারিব একমাত্র গোলটি করেন। শেষ দিকে (৯১ মিনিটে) আরকাদাগের ডিফেন্ডার গুইচমিরাত আনাগুলিয়েভ লাল কার্ড দেখেন। মার্সেলো ব্রোজোভিচ, কিংসলে কোম্যান ও হোয়াও ফেলিক্স বদলি হিসেবে নামেন, আর সাদিও মানে পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন। রোনালদোকে বিশ্রাম দেওয়ার পেছনে মূল কারণ সৌদি প্রো লিগের শিরোপা লড়াই। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে আল-নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে দলটি।
আগামী ম্যাচগুলোতে আল-হাজম, আল-নাজমা, আল-ফেইহা, নিওম ও আল-খালিজের বিপক্ষে খেলবে আল-নাসর। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের জন্যও অপেক্ষা করছে তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158258