সিরাজগঞ্জের তাড়াশে একই রাতে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে আশঙ্কাজনক হারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক বেড়েই চলেছে ফলে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। গত সোমবার রাতে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে মো. আবু ইউসুফ মাষ্টারের জমির আইলের বৈদ্যুতিক খুঁটি থেকে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। একই রাতে মো. আব্দুল মজিদের জমির আইলের খুঁটি থেকে ১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। চুরি ঠেকাতে অনেক এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে লোহার শিকল দিয়ে ট্রান্সফরমার বেঁধে রেখেছেন স্থানীয়রা।
পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী, চুরি হলে ট্রান্সফরমারের মূল্যের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় গ্রাহকদের যা দরিদ্র গ্রাহকদের জন্য খুব কষ্টের। যেকোনো মূল্যে চোর চক্রকে শনাক্ত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন গ্রাহকেরা। গ্রাহক মো. আবু ইউসুফ মাষ্টার জানান, এখন ইরি-বোরো ধান রোপণের জন্য মাঠে পানি দিতে হচ্ছে কিন্তু ট্রান্সফরমার না থাকায় চরম বিপদে পড়েছি। ট্রান্সফরমার থাকে বৈদ্যুতিক খুঁটির ওপরে, এটা পাহারা দেওয়া সম্ভব নয়। চুরি ঠেকাতে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানান এই কৃষক।
ট্রান্সফরমার চুরি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: অজিজুল হক তিনি জানান, চুরির খবর পাওয়ার পরেই গ্রাহকদের সংশ্লিষ্ট থানায় আমরা মামলা করতে বলেছি। চুরি ঠেকাতে গ্রাহক ও সাধারণ মানুষের সচেতনতা জরুরি।
তিনি আরও বলেন, প্রতিটি চুরির ঘটনা একই রকম। চোরেরা ট্রান্সফরমারের ভেতরে থাকা মূল্যবান তামার তার নিয়ে ধাতব গোল বাক্স ও তেল ফেলে চলে যায়। ভাংরির দোকানগুলোতে নজরদারি বাড়াতে পারলে চোর ধরা সম্ভব বলে মনে করেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158217