বগুড়ার শাজাহানপুরে ছেলে জেলে থাকায় বাবার আত্মহত্যা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মানিক মিয়া (৪৬) নামে আত্মহত্যা করেছেন। গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পরিবারের দাবি, পরিকল্পিত একটি মামলায় একমাত্র উপার্জনক্ষম ছেলে বিপুল হাসান (২৬) কারাগারে থাকায় মানসিক চাপে ও ঋণের চাপে তিনি এ পথ বেছে নেন। নিহত মানিক মিয়া উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার আদালতে গিয়ে ছেলের জামিনের চেষ্টা করেন তিনি।
তবে মামলার ব্যয়ভার বহন করতে না পারা ও হতাশা থেকে বাড়ি ফিরে গ্যাস ট্যাবলেট সেবনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানিকের ছোট ভাই মতিন প্রামাণিক বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। এদিকে মানিকের পুত্রবধূ নুন আক্তার রক্সি (২০) অভিযোগ করে বলেন, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার স্বামী বিপুল হাসান ও তার বন্ধু নাহিদ ইসলামকে শাজাহানপুর থানা পুলিশের কৈগাড়ি ফাঁড়ির সদস্যরা গ্রেফতার করে।
পরে ডাকাতির প্রস্তুতির মামলায় আদালতে চালান করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তিনি দাবি করেন, বিপুলের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তার আয়ে পুরো পরিবার চলত। প্রায় ৪০ দিন ধরে তিনি কারাগারে থাকায় পরিবারে চরম আর্থিক সংকট দেখা দেয়। জামিন ও মামলার খরচ নিয়ে দিশেহারা হয়ে পড়েন মানিক মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি মোঃ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158212