সাংবাদিকতায় ফিরলেন শফিকুল আলম ও আজাদ মজুমদার
সাংবাদিকতায় ফিরেছেন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শফিকুল আলম প্রকাশিতব্য ইংরেজি দৈনিক ‘দি ডেইলি ওয়াদা’র সম্পাদক এবং আবুল কালাম আজাদ মজুমদার একই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পৃথক স্ট্যাটাসে তারা এ তথ্য জানান।
শফিকুল আলম লিখেছেন, ‘দ্য ডেইলি ওয়াদা নামের একটি ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগদান করেছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।’অন্যদিকে আবুল কালাম আজাদ মজুমদার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলেন, ‘অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব সম্পন্ন করে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করায়, তার উপ-প্রেস সচিব হিসেবে আমার দায়িত্বও শেষ হয়েছে।’
‘এটি ছিল এক অবিস্মরণীয় যাত্রা—উত্তেজনা, চ্যালেঞ্জ, সাফল্য এবং কঠিন মুহূর্তে ভরা। দায়িত্ব ছিল অত্যন্ত বড়, তবে এই সময় আমাকে অমূল্য অভিজ্ঞতা ও শিক্ষা দিয়েছে, যা আমি সারাজীবন সঙ্গে বহন করবো।’
তিনি বলেন, ‘এখন আমি আবার সাংবাদিকতায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছি এবং বিভিন্ন সুযোগ নিয়ে ভাবনাচিন্তা করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, শিগগির প্রকাশিত হতে যাওয়া ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদা’র নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেবো। আমার পুরো কর্মজীবনে আমি সত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছি এবং আমি বিশ্বাস করি এই নতুন উদ্যোগ আমাকে একই পেশাগত সততা ও নীতিমালা বজায় রাখার সুযোগ দেবে। এই নতুন অধ্যায়ের শুরুতে আপনাদের দোয়া ও অব্যাহত সমর্থন কামনা করছি। সবাইকে ধন্যবাদ।’গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158167