চট্টগ্রামে আবারাও সাইনবোর্ড টাঙালো আ.লীগের নেতাকর্মীরা

চট্টগ্রামে আবারাও সাইনবোর্ড টাঙালো আ.লীগের নেতাকর্মীরা

মফস্বল ডেস্ক: চট্টগ্রাম নগরীতে আবারো দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেশ কয়েকজন জড়ো হয়ে দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে ও দলীয় পতাকা ঝুলিয়ে ভিডিও করছেন তারা। পরে সেসব ভিডিও পতিত আওয়ামী লীগ সরকারের পলাতক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আইডি থেকে শেয়ার করা হচ্ছে। এরপর সন্ত্রাসীরা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তবে এসব ঘটনার ঘটার আগে টেরই পাচ্ছে না পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সকালে জুলাই গণহত্যার আসামি মহিবুল হাসান চৌধুরী নওফেল তার আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন৷

সেখানে তিনি লিখেন, দীর্ঘ ১৮ মাস পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে৷ ব্যানারগুলো লাগিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আরিফ হোসেন, নুরুল হক বাহার, মো. সাইমুন আজাদ, মো. আয়াত।

ভিডিওতে দেখা যায়, চারজন সন্ত্রাসী মহানগর আওয়ামী লীগের কার্যালয় লেখা একটি ব্যানার ও নিষিদ্ধ ছাত্রলীগের একটি পতাকা হাতে ভিডিও করছেন। এসময় তারা ব্যানারটি দারুল ফজল মার্কেটের ওই অফিসের দরজার উপরে লাগিয়ে দেয়। একইসাথে দলীয় পতাকা ঝুলিয়ে চলে যায়। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর গত দুদিন ধরে কোতোয়ালি থানা থেকে মাত্র তিনশো গজ দূরে উত্তর জেলা আওয়ামী লীগের অফিসে ব্যানার টাঙিয়ে দেয় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একইদিন লালদিঘির পাড়ে সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনের দেওয়ালে মুজিবের ভাস্কর্য ধুয়ে মুছে পরিস্কার করে স্লোগান দেয় তারা। অপরদিকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশে দলীয় কার্যালয় খুলে সন্ত্রাসীরা। পরে সেসব ভিডিও নওফেলের আইডিতে পোস্ট করা হয়৷

একের পর এক আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করলেও কিছু জানে না পুলিশ৷ এমনকি কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিএমপি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন সংবাদমাধ্যমে জানান, তারা (আওয়ামী লীগ) চোরের মতো হুট করে এসে স্লোগান দিয়ে ব্যানার একটা টাঙিয়ে চলে যায়। রাস্তার উপর ভাস্কর্য পরিষ্কার করে চলে যাচ্ছে। কিভাবে নজরে রাখব বলেন? ভিডিওতে থাকা ব্যক্তিদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158157