১২ বছর পর নেপালের অবিস্মরণীয় জয়
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ এক জয়ে স্কটল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করেছে নেপাল। দীর্ঘ অপেক্ষার পর বিশ্ব আসরে আবারও জয়ের স্বাদ পেল হিমালয় পাদদেশের দলটি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নেপাল। শুরুতেই আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে স্কটিশরা।
দুজনের ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি পৌঁছে যায় ৮০ রানে। ২৯ বলে ২৭ রান করেন মুনসে।
নেপালের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সোমপাল কামি, তিনি নেন ৩ উইকেট। নন্দন যাদব শিকার করেন ২টি উইকেট।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় নেপাল। ওপেনার আসিফ শেখ ও কুশল ভুরটেল পাওয়ারপ্লেতে ৫৬ রান তোলেন বিনা উইকেটে। উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। ভুরটেল ৩৪ বলে ৪৩ রান করে ফিরলে ভাঙে জুটি। এক ওভার পর ২৭ বলে ৩৩ রান করা আসিফও বিদায় নেন।
তিন নম্বরে নামা রোহিত পাউডেল ১৪ বলে ১৬ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে নেপাল। তবে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দীপেন্দ্র সিং আইরে ও গুলশান ঝা। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে জয়ের দিকে এগোয় দল।
শেষ দিকে আইরের ব্যাটে ঝড় ওঠে। মাত্র ২৩ বলে ফিফটি পূর্ণ করে তিনি দলকে এনে দেন ঐতিহাসিক এক জয়। গুলশান ঝা ১৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। ৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে নেপাল।