সাংবাদিকদের মাঠে প্রবেশে থাকছে না বিধিনিষেধ
স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটকে জনসাধারণ তথা দর্শকদের মাঝে তুলে ধরতে বড় ভূমিকা পালন করে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। খবরের খোঁজে দিনের বেশিরভাগ সময় সাংবাদিকদের কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে নিরাপত্তার দোহাই দিয়ে গত ৩১ জানুয়ারি শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছিল বিসিবি।
মঙ্গলবার নতুন নির্বাচিত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল হক। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবিতে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ তুলে দিতে বিসিবির সিইওকে নির্দেশনা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল এ নিয়ে বলেন, ‘আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।’ পরে উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির সিইওকে ফোন করে নির্দেশনা দেন।
এর আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছিল, যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করেছিল। কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158130