বগুড়ায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম শুরু মিলছে তেল-চিনি-ডাল-ছোলা ও খেজুর
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এই কার্যক্রম বন্ধ থাকবে। রমজানকে সামনে রেখে নিত্যপণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির সঙ্গে এবার যুক্ত হয়েছে ছোলা ও খেজুর।
ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে নিয়মিত তিনটি পণ্য কিনে থাকেন প্রতি মাসে। অন্যদিকে ট্রাক সেলের আওয়তায় প্রতি ট্রাকে দৈনিক ৪শ’ জনের কাছে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
টিসিবি বগুড়া সূত্র জানায়, বগুড়ার পাঁচটি স্থানে শুক্র ও শনিবার ছাড়া প্রতিটি ট্রাকে ৪শ’ মানুষের মাঝে এই বিক্রি কার্যক্রম চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল (১১৫ টাকা দরে), ৮০ টাকা দরে এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ৬০ টাকা দরে এক কেজি ছোলা এবং ১৬০ টাকা দরে আধাকেজি খেজুর কিনতে পারবেন।
সংস্থাটি জানায়, ফ্যামিলি কার্ডধারীরা ফেব্রুয়ারি-মার্চ মাসে ডিলারের কাছ থেকে নিয়মিত তিনটি পণ্য আরো কম দামে পাবেন। এতে ট্রাক থেকে একজন ক্রেতাকে কার্ডধারীদের তুলনায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল কেনায় প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি খরচ করেতে হবে।
ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে একবার করে নির্দিষ্ট পরিমাণ খাদ্য পণ্য বাজারের চেয়ে কম মূল্যে পেয়ে থাকেন টিসিবি’র ডিলারের মাধ্যমে। ট্রাক সেলের তুলনায় কার্ডধারীরা প্রতি লিটার সয়াবিন তেল ১৫ টাকা কমে ১০০ টাকায়, একইভাবে প্রতি কেজি চিনি ১০ টাকা কমে ৭০ টাকায় এবং ডাল ৬০ টাকা দরে কিনতে পারেন।
জানতে চাইলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র বগুড়া অফিস প্রধান সহকারী পরিচালক সাদ্দাম হোসেন বলেন, বগুড়ায় পাঁচটি ট্রাকে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। এছাড়াও স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে প্রতিমাসে যেসব পণ্য পান তা নিয়মিতভাবেই পাবেন।
তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা বাড়তি খেজুর ও ছোলা পাবেন না। এর আগে সকালে শহরের শহীদ খোকন পার্কের সামনে টিসিবি’র ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ আবু রায়হান।
এসময় টিসিবি বগুড়া অফিস প্রধান সহকারী পরিচালক সাদ্দাম হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158123