তৃণমূল পর্যায় থেকে প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার: একজন মীর শাহে আলম। যিনি তৃণমূল পর্যায়ের মানুষের নেতা হিসেবে নির্বাচন করলেন, সংসদ সদস্য হলেন অত:পর তিনি প্রতিমন্ত্রী হলেন। অনেকটা এ রকম করে বলা যেতে পারে তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। যিনি এলাকার মানুষের মন জয় করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন ১৯৯৭ সালে তিনিই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা পরিষদের নির্বাচন করে হয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং তিনি এমপি হয়েই হলেন প্রতিমন্ত্রী।
এই ব্যক্তি আর কেউ নয় তিনি বগুড়া-২ শিবগঞ্জ এলাকার জাতীয় সংসদ সদস্য মীর শাহে আলম। মীর শাহে আলম আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মীর শাহে আলম প্রতিমন্ত্রী হওয়ায় শিবগঞ্জসহ বগুড়ায় আনন্দের ঢেউ লেগেছে।
প্রধানমন্ত্রীর সাথে একজন প্রতিমন্ত্রী পেলো বগুড়াবাসী। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মীর শাহে আলম। তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। মীর শাহে আলম ১৯৯৭ সালে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক পথ চলা শুরু । ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এবার তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনের উপ নির্বাচনে বিজয়ী হয়ে এড. মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন তারেক রহমান দীর্ঘ ৩০ বছর পর বগুড়াবাসীকে একটি মন্ত্রী উপহার দিয়েছেন। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ক্রমে এবং তার পরামর্শ নিয়ে যতটুকু করার, তা আমি করব, ইনশাআল্লাহ। উন্নয়ন বঞ্চিত ১৭ বছরের বগুড়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তিনি বলেও জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158116