পাবনা বার সমিতি নির্বাচনে মাসুদ সভাপতি, মলয় সম্পাদক

পাবনা বার সমিতি নির্বাচনে মাসুদ সভাপতি, মলয় সম্পাদক

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতি নির্বাচনে সভাপতি পদে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও সম্পাদক পদে মলয় কুমার দাস নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৪২০ জন সদস্য ভোটারের মধ্যে ৩৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী।

সমিতির প্রবীণ সদস্য আইনজীবী আব্দুর রহিম খান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে তিনি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে খন্দকার মাকুসুদর রহমান মাসুদ ২০২ ভোট বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মির্জা আজিজুর রহমান ১৩১ ভোট পান। অপর প্রার্থী আব্দুল হামিদ পিকে পান ৫২ ভোট।

সম্পাদক পদে মলয় কুমার দাস ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ সুলতান মাহমুদ খান (এহিয়া) পান ১২৫ ভোট। আরেক প্রার্থী কাজী মাহবুবুল আলম পান ১২২ ভোট।

এছাড়া, সহ-সভাপতির দু’টি পদে শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু ও রেজাউল করিম ছালাম, কোষাধ্যক্ষ পদে মাসুদ আলম, যুগ্ম সম্পাদক (উন্নয়ন) পদে আজিজা তামান্না স্বর্ণা, যুগ্ম সম্পাদক (লাইব্রেরি) পদে মনরিুজ্জামান মিজান, যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) পদে দীপক কুমার রায় দিপু, অডিটর পদে আজি, উদ্দিন লিটন বিজয়ী হয়েছেন। এদিকে, চারটি সদস্য পদে নির্বাচিতরা হলেন- মুস্তাসিম নবী নিকু, শামীমা আফরোজ শিমু, শিশির কুমার সরকার ও ওবায়দুর রহমান মিলন।

উল্লেখ্য, নির্বাচনে আলহাজ মির্জা আজিজুর রহমান ও মলয় কুমার দাস রায়ের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ, খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও মাহবুবুল আলম কাজী আলমের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আব্দুল হামিদ ও সুলতান মাহমুদ খান এহিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নামে তিনটি প্যানেল প্রতিদ্বন্দিতা করে।

নির্বাচনে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও মাহবুবুল আলম কাজী আলম প্যানেল থেকে সভাপতি, সহ-সভাপতি একটি, কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক (উন্নয়ন), যুগ্ম সম্পাদক (লাইব্রেরী) ও সদস্য দু’টি পদ সহ মোট ৬টি পদে বিজয়ী হয়।

আলহাজ মির্জা আজিজুর রহমান ও মলয় কুমার দাস রায় প্যানেল থেকে সহ-সভাপতি একটি, সম্পাদক, যুগ্ম সম্পাদক (সংস্কৃতি), অডিটর ও সদস্য পদে দু’টি সহ মোট ৬টি পদে বিজয়ী হয়। এছাড়া, আব্দুল হামিদ ও সুলতান মাহমুদ খান এহিয়া প্যানেল থেকে কেউ কোনো পদে বিজয়ী হতে পারেননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158112