চাঁ’নবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ২ জনের মৃত্যু মামলার আসামি গ্রেফতার

চাঁ’নবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ২ জনের মৃত্যু মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে গত শনিবার ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহতের ঘটনায় বিস্ফোরক আইনে পুলিশের দায়ের মামলায় অন্যতম সন্দেহভাজন হিসেবে শরিফ উদ্দিন দুলাল নামে(৪০) নামে  আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত রোববার দিবাগত রাত পৌনে ১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে দুলালকে গ্রেফতার করা হয়। দুলাল ফাটাপাড়ার মৃত মকবুলের ছেলে ও কালাম(৫০) নামে যে ব্যক্তির বাড়িতে ককটেল বানানো হচ্ছিল তার ভাই। দুলাল বর্তমানে রাজশাহীর রাজপাড়া থানার  বিল সিমলা এলাকার বাসিন্দা। সে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি বলেও জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, দুলালকে পুলিশ পাহারায় চাঁপাইনবাবগঞ্জ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত সোমবার বিকেলে দুলালকে আদালতে তুলে গত রোববার গ্রেফতার এজাহারনামীয় ২ আসামি ও দুলালের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনায় আহত মামলার অপর ৩ আসামি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলার এজাহারনামীয় ১০ আসামির মধ্যে ৫ জন গ্রেফতার ও ৫ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান ও হত্যাসহ একাধিক মামলার আসামি শাহিদ রানা টিপু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158108