সিরাজগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছর বয়সী শিশু তামিম হোসেন হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও আরেক আসামিকে দুই বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলো- উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়ার ইউসুফ আকন্দের ছেলে হাফিজুল ইসলাম, একই এলাকার আব্দুল মান্নান আকন্দের ছেলে ফিরোজ আকন্দ ও চকপাঙ্গাসী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জহুরুল ইসলাম। দুই বছর সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান আকন্দ নরসিংহপাড়ার শুকুর আলী আকন্দের ছেলে। নিহত তামিম হোসেন একই উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।
আদালতের পিপি এড. রফিক সরকার বলেন, তামিম নরসিংহপাড়ায় নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরের দিন ১১ ফেব্রুয়ারি সকালে গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় রশি দিয়ে মোড়ানো এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। ওই ঘটনায় নিহতের বাবা সোলেমান ফকির বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
তদন্ত চলাকালে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে শিশু তামিমকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই রায় দেন বিচারক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158098