দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাটোরের পুতুল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এ দায়িত্ব পাওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি বিজয় অর্জন করেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে বেড়ে ওঠা পুতুল প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন। দীর্ঘ দেড় যুগ পর তার মেয়ের বিজয়ের মধ্যদিয়ে সেই রাজনৈতিক ধারাবাহিকতা আবারও ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি এবং নারী, শিশু ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় লালপুর, বাগাতিপাড়া ও আশপাশের এলাকায় নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আশা, জাতীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করবেন।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমাদের এলাকার মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি শুধু রাজনৈতিক পদ নয়, পুরো নাটোরবাসীর জন্য গর্বের বিষয়।
তিনি নতুন প্রতিমন্ত্রীকে একজন শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব হিসেবে অভিহিত করেন এবং তার মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158075