বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ ডাকসুর

বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ ডাকসুর

ঢাবি প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন যৌথ সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডাকসু কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে বিএনপি জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করেছে। গণতান্ত্রিক চর্চা ও জুলাই সনদের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে ডাকসু নেতারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এখন সময়ের দাবি।

ডাকসুর নেতারা উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে জনগণ স্পষ্টভাবে সংস্কারের পক্ষে মত দিয়েছে। গণভোটের ফলাফল বাস্তবায়ন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানো জনগণের রায়ের প্রতি অসম্মান প্রকাশের শামিল। তারা বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ; তাই জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি প্রধান ম্যান্ডেট—সংস্কার, বিচার ও নির্বাচন—বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ অপরিহার্য। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।

ডাকসু নেতারা বিএনপিকে শপথ গ্রহণ করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। অন্যথায় নতুন সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি তারা বলেন, ইতিহাসে বারবার দেখা গেছে জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিলে রাজনৈতিক দলগুলোর নেতিবাচক পরিণতি হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক মুহঃ মহিউদ্দিন খান।

ডাকসু নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158066