ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই ঘটনা ঘটে। শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্টের আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। আসামি ধরার পর গাড়িতে ওঠার সময় শহিদুল ইসলাম অসুস্থ বোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157977