বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের তিনটি খড়ের পালা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে ফিরোজ আহম্মেদ নামে এক কৃষকের ১৪ বিঘা জমির তিনটি খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং হাজারকি হুসিয়ার পাড়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষক ফিরোজ আহম্মেদ ধান কাটা মাড়াই করে বাড়ি সংলগ্ন খোলায় তিনটি খড়ের পালা দেয়। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই তিনটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা।
মুহুর্তেই আগুন বড় আকার ধারণ করলে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ আহম্মেদ। তিনি জানান, কে বা কারা শত্রুতামূলকভাবে এ অগ্নিসংযোগ করে আমার ১৪ বিঘা জমির ধানের খড় পুড়িয়ে দিয়েছে।
এছাড়া গাছপালার ক্ষতিসাধন হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সেলিম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157960