রোজার আগে বগুড়ার বাজারে উত্তাপ

রোজার আগে বগুড়ার বাজারে উত্তাপ

স্টাফ রিপোর্টার : বাজারে নেই কোন সরবরাহ ঘাটতি, প্রকৃতিতে নেই বৈরি আবহাওয়া, তারপরেও পবিত্র রমজান মাসকে সামনে রেখে বগুড়ার বাজারে হঠাৎ-ই বেড়েছে পেঁয়াজ, বেগুনসহ বেশকিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিনে আগে যে পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হয়, বর্তমানে সেই দাম ২০ টাকা পর্যন্ত বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ থেকে ৪০ টাকার বেগুনের প্রতি কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে পাঁচ দিনের ব্যবধানে তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আর রসুনের কেজিতে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়ে মানভেদে ২০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়াও রোজাকে সামনে রেখে বেশকিছু পণ্যের বাড়তি দামের অভিযোগ করেছেন ক্রেতারা। এরমধ্যে শশা, লেবু ও আদার দামও হঠাৎ-ই বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। বেড়েছে ব্রয়লার মুরগির দামও।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মিজানুর রহমান বলেন, গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৪৫ টাকা। এখন এসে দেখছি সেই পেঁয়াজ ৬০ টাকা কেজি। বাজারে সরবরাহও পর্যাপ্ত, তবে কী কারণে পেঁয়াজের দাম বেশি?

আরেক ক্রেতা গৃহিনী আবিদা সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ বেগুনের দাম ৮০ টাকা চাচ্ছে, কয়েকটা দোকান ঘুরে এক কেজি ৭০ টাকায় কিনলাম। বাজারে প্রচুর বেগুনের সরবরাহ, আবহাওয়াও ভালো, রোজার বাড়তি চাহিদার কারণে দোকানীরা বাড়তি দাম নিচ্ছেন। এই সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিং জরুরি।

জানতে চাইলে শহরের ফতেহ আলী বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, পাইকারি বাজারে পেঁয়াজ, রসুনের দাম বেশি; বেগুনের দামও বাড়তি। পাইকারি ব্যবসায়ীরা দাম বেশি ধরছেন, তাই বাধ্য হয়েই তাদের খুচরা পর্যায়ে দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।

রোজার শুরুতে মানুষের কেনাকাটা কিছুটা বেড়ে যায়, এই বাড়তি চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়ায়। রোজার কয়েক দিন গেলেই আবার দাম স্বাভাবিক হয়ে আসবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157946