চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পাচারকালে ভারতীয় নেশার সিরাপসহ চালক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পাচারকালে ভারতীয় নেশার সিরাপসহ চালক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে সিএনজিচালিত অটোরিকশায় পাচারকালে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. ফরিদ (৪৫) নামে ওই অটোরিকশা চালককে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃত ফরিদ শিবগঞ্জের কানসাট চককীর্তি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

বিজিবি জানায়, গতকাল রোববার রাত ৯টায় সোনামসজিদ বিওপির একটি টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে অভিযান চালায়। এসময় অটোরিকশায় থাকা ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপসহ ফরিদকে গ্রেফতার করা হয়। একইসাথে অটোরিকশাটি জব্দ করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সিএনজিযোগে মাদক পাচারের গোপন খবরে অভিযান চালানো হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হবে। অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ মাসে ৫৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ বোতল ফেনসিডিলের বিকল্প বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157942