চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আরিফ হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে  আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক(৩৫) নামে অপর আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। দন্ডিত আরিফ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

মামলার বিবরণ, আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের  অভিযানে নিজ বাড়ি থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন আরিফ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় তাকে একমাত্র আসামি করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) লুৎফর রহমান।

২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এসলাম আলী দু’জনকে অভিযুক্ত করে  আদালতে মামলার চার্জশিট  দাখিল  করেন। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আাদালত আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) একমাত্র আরিফকে দোষী সাব্যস্ত করে মামলার   সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. আখতারুজ্জামান জুয়েল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157937