লালমনিরহাটে ভোটের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ ও আনসারদের নাচ-গান

লালমনিরহাটে ভোটের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ ও আনসারদের নাচ-গান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের নাচ-গান উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনি দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সাথে তাদের এই আনন্দঘন মুহূর্ত নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণার পর পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নেচে মেতে ওঠেন। গত শনিবার রাত থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দীর্ঘসময়ের ডিউটির ক্লান্তি কাটিয়ে পুলিশ ও আনসার সদস্যরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছে। কেউ কেউ একে দীর্ঘ দায়িত্ব পালনের পর মানসিক স্বস্তির প্রকাশ হিসেবে দেখছেন।উচ্ছ্বাসে অংশ নেওয়া আনসার সদস্য জাকির ইসলাম বলেন, ফলাফল ঘোষণার পর কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উৎসাহেই তারা কিছুক্ষণ নাচ-গান উদযাপন করেন।

তিনি আরও জানান, কাজ শেষ, এবার একটু আনন্দ করে বিদায় এমন প্রস্তাব থেকেই তারা নাচে অংশ নিয়েছিলেন। উপস্থিত আরেক সদস্য শরীফ সেই মুহূর্তটির ভিডিও ধারণ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নেতিবাচক প্রশ্নও তুলেছেন। 
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন- ঘটনাটি জেনেছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157881