বগুড়ার সোনাতলায় কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তা ধসের শঙ্কা
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তার দু’টি স্থানে বৃষ্টি এলেই ধ্বসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতির কারণে উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা জামে মসজিদ সংলগ্ন একটি বিশাল আকৃতির পুকুরের দক্ষিণ পাশে প্যারা সাইটিং কিংবা ব্লক স্থাপন না করায় বৃষ্টি এলেই কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তাটি পুকুরে ধসে যাবে।
এছাড়াও একই এলাকার মোড়ে আরেকটি পুকুরের উত্তর পাশে একই অবস্থা বিদ্যমান। ওই দু’টি স্থানে শুষ্ক মৌসুমে প্যারা সাইটিং করা না হলে আগামী বর্ষা মৌসুমে স্থান দু’টিতে রাস্তা ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে সোনাতলা উপজেলার পাশাপাশি ৫টি উপজেলার জনসাধারণ চলাচল করেন। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করার জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।
স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ওই দু’টি স্থানে সিসি ব্লক স্থাপনে বরাদ্দ না থাকায় যেমন তেমন করে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটি সংস্কার করে চলে যায়। এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, রাস্তার চেয়ে বসতবাড়ি উঁচুতে অবস্থান করায় বৃষ্টি এলেই বৃষ্টির পানি রাস্তার উপর দিয়ে গড়িয়ে পুকুরে যাবে।
এতে করে রাস্তা ধসে যাবে। অল্প সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। যেহেতু রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। রাস্তাটি জেলা সদরের সাথে গিয়ে মিলিত হয়েছে। সুতরাং এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এছাড়াও তিনি আরও বলেন, কার্পেটিং করা স্থান থেকে পুকুরের দূরত্ব ১ ফুটেরও কম।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, বরাদ্দ না থাকায় স্থান দু’টিতে সিসি ব্লক স্থাপন করা সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157864