পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি নিজেই জানান, তার পদত্যাগের সংবাদ সত্য নয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, নো, এমন কিছু হয়নি। বিষয়টি ঠিক নয়। আমি পদত্যাগ করিনি।
এর আগে আজ বিকাল থেকে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলম দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ি আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সরকার বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।
বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।
২০২০ সালে চাকরি থেকে অবসরে যান তিনি।