বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গতকাল শনিবার আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ৫টার দিকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল। ট্রেনটি সোনাতলা রেল স্টেশনে পৌঁছুলে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধা রেললাইন পার হচ্ছিল। এ সময় সে ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, নিহত বৃদ্ধার বাড়ি গাইবান্ধা জেলার বোনারপাড়ায়। সে প্রতিদিন সকালে কলেজ ট্রেনে চেপে বগুড়ার সোনাতলায় ভিক্ষা করতে আসতো। সেদিনও সে বিকালে ভিক্ষা করে ট্রেনযোগে ফেরার জন্য স্টেশনে যায়।

এ সময় সে রেল লাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ওই বৃদ্ধার লাশ বোনারপাড়া জিআরপি উদ্ধার করে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157832