বগুড়ার গাবতলীতে ট্রাকমালিককে জবাই করে হত্যা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে পূর্বশত্রুতার জেরে সাতটি ট্রাকের মালিক সাইফুল ইসলামকে (৪০) নিজ বাড়ির সামনেই নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল ৮টায় জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে উপজেলার পৌরভাধীন সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে উপজেলার পৌরভাধীন সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামের জামাতুল্লাহ প্রামানিক জামুর ছেলে সাতটি ট্রাকের মালিক সাইফুল ইসলামকে তার নিজ বাড়ির কাছে একটি ঘাসের জমিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নৃশংসভাবে জবাই করে হত্যা করে লাশ ফেলে রাখে। তার পকেটে প্রায় ৫ হাজার টাকা ছিল। তবে একটি বাটন মোবাইল ফোন ছিল সেটা নিয়ে গেছে। ঘটনাটি শনিবার দিনগত রাত থেকে রোববার ভোরের মধ্যে যে কোনো সময়ের।
স্থানীয়রা জানান, সকাল ৮টায় নিজ বাড়ির কাছে একটি ঘাসের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার এবং এসআই মাহবুবুর রহমান ঘটনাস্থলে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার পুলিশ আনিছুর রহমান জানান, সাইফুল একজন ট্রাক ব্যবসায়ী প্রতিদিনি রাতে বাড়ি ফেরে। গত শনিবার গভীর রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157793