বগুড়ার শেরপুরে অন্যকে বাঁচাতে প্রাণ গেল ফায়ার ফাইটার আহসানের
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার ফাইটার। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব গাইবান্ধার সাঘাটা এলাকার মৃত আবেদার রহমানের ছেলে। তিনি মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস অফিস ও স্থানীয় সূত্রে যায়, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে খবর আসে যে চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই মহিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন। স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়িটি বের করার জন্য আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিচ্ছিলেন। এসময় তিনি (ঢাকা মেট্রো-ন ১৯-২১৪৯) বগুড়াগামী ট্রাকের গতিরোধ করেন যেন ফায়ার সার্ভিসের গাড়িটি নিরাপদে বের হতে পারে। ট্রাকটি থামার পরপরই পেছন থেকে গাইবান্ধাগামী আহসান পরিবহন নামে একটি দ্রুতগতির বাস ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি দায়িত্বরত আহসান হাবিবের ওপর উঠলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কর্তব্যরত অবস্থায় এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যান তার সহকর্মীরা।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন বলেন, ঘাতক বাস ও ট্রাকটি আটক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর এলাকায় রাস্তা পারাপারের সময় শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা মুন্সিপাড়া এলাকার আমিনুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুনকে (৩৯) অজ্ঞাত একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিন ৩০ হাত দূরে রাস্তার ওপর ছিটকে পড়লে পেছনের চাকাটি তার দেহের ওপর দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
একই দিন শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশ মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন-রনবীরবালা এলাকার আরজু (২৮), বিকেল বাজার এলাকার শুভ (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী। শুভকে শজিমেক হাসপাতাল বগুড়ায় আইসিইউতে নেয়া হয়েছে। অপর দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। এসময় পেছনের অন্যান্য গাড়িগুলো তাৎক্ষণিক ব্রেক করে দাঁড়িয়ে গেলে হঠাৎ করে একটি দ্রুতগতির ট্রাক দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। গুরুতর আহত শুভর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোরতাজা নুর জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157790