স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 

পিটিআই প্রধানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মূলত পার্লামেন্ট হাউসে বিরোধী দলগুলোর টানা দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট এবং ক্রমবর্ধমান চাপের মুখে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

বেশ কয়েক মাস ধরে নির্জন কারাবাসে থাকা ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তার আইনি দলের দাবি, দীর্ঘদিনের অবহেলা এবং চোখের সংক্রমণের সঠিক চিকিৎসা না হওয়ায় তিনি ডান চোখের দৃষ্টিশক্তির অধিকাংশ হারিয়ে ফেলেছেন। তবে সরকারের মুখপাত্ররা বরাবরই অবহেলার এই অভিযোগ অস্বীকার করে আসছেন। 

ইমরান খানের স্বাস্থ্যের এমন আশঙ্কাজনক অবস্থায় সরব হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররাও। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বিষয়টিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে অবিলম্বে তাকে সেরা চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াসিমের সুরে সুর মিলিয়ে ওয়াকার ইউনুসও রাজনীতি পাশে সরিয়ে রেখে জাতীয় বীরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157772