নওগাঁ-১ এর এমপি মোস্তাফিজুরকে মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী

নওগাঁ-১ এর এমপি মোস্তাফিজুরকে মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-১ আসন থেকে ২০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে মন্ত্রীসভায় দেখতে চায় নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের সাধারণ মানুষ। এই বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের আড্ডা থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোট ১৬৬টি কেন্দ্রের এই আসনে তিনি বড় ব্যবধানে জয় লাভ করেন। বিপুল সংখ্যক কেন্দ্রে তার এই অগ্রগামিতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে জন আস্থার সুস্পষ্ট প্রতিফলন। জানা যায়, দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রামে সক্রিয় একজন সৎ, পরিশ্রমী মেধাবী ও আপসহীন হিসেবে গোটা নওগাঁ জেলা জুড়ে তার ভূমিকা ছিল অগ্রণী।

বিভিন্ন সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য তার আপসহীন ও দৃঢ় অবস্থান তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছে, যা নির্বাচনি ফলাফলেও প্রতিফলিত হয়েছে।

এদিকে, ফলাফল ঘোষণার পর থেকেই নিয়ামতপুর উপজেলাসহ বাকি দুই উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ভোটারদের প্রত্যাশা মন্ত্রীত্ব পেলে নির্বাচনি এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাক্ষেত্রে নতুন গতি আসবে।

নিয়ামতপুর পোরশা এবং সাপাহারবাসীর বিশ্বাস এই বিপুল জনসমর্থনের যথাযথ মূল্যায়ন করে জেলার এই জনপ্রতিনিধিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157763