পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত অর্ধশতাধিক ফিলিস্তিনি

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত অর্ধশতাধিক ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নাবলুসের দক্ষিণে তালফিট ও কুসরার কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হন। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বে মিখমাস শহরের কাছে খিল্লেত আস-সদরাহ এলাকাতেও হামলার ঘটনা ঘটে। রামাল্লার নিকটবর্তী তুরমুস আয়া এলাকায় বসতি স্থাপনকারীরা প্রায় ৩০০টি জলপাই গাছ কেটে ফেলে এবং কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। একই সময়ে সেনাবাহিনী বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। দেইর গাসানেহ ও বেইত রিমা ছাড়াও জেনিনের কাছে জাবা, সিরিস ও মেইথালুন এলাকায়ও অভিযান পরিচালিত হয়।

এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস এসব হামলাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল নীতি’ বাস্তবায়ন করছে এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের সেনাবাহিনীর সুরক্ষায় হামলার সুযোগ দিচ্ছে। হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157704