ভেনেজুয়েলা যাচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলা যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে আসার এক মাসেরও বেশি সময় পর দেশটিতে সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ আছে বলেও দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ভেনেজুয়েলা সফরে যাচ্ছি। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার নেতৃত্বেই তেল উত্তোলন ও বিপননের ক্ষেত্রে দেশটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে আমি দশে দশ দেবো।

দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না-এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হ্যাঁ অবশ্যই, আমরা ইতোমধ্যে তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে।

ভেনেজুয়েলা তেল সম্পদে খুবই সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর তথ্য অনুসারে, ভেনেজুয়েলার খনিগুলোতে মজুত আছে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুত আছে, তার এক পঞ্চমাংশই আছে ভেনেজুয়েলায়। দেশটিতে কয়েকটি স্বর্ণের খনি আছে এবং সেগুলোতে স্বর্ণের মজুতের পরিমাণও অনেক। সূত্র : রয়টার্স

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157701