৪২ দল নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয় মোট ৫১টি রাজনৈতিক দল। এর মধ্যে ৪২টি দল একটি আসনও পায়নি। এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফল ঘোষণা হয়েছে। তিনটি আসনের ফল আটকে আছে। একটি আসনে ভোট স্থগিত হয়েছে। দুটি আসন আইনি জটিলতায় আছে।
ঘোষিত ২৯৭ আসনের ফল বিশ্লেষণে দেখা যায়, ছোট দলগুলোর বড় পরাজয় হয়েছে। ৫১ দলের মধ্যে মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে। বিএনপি সবচেয়ে বেশি ২০৯টি আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ১১ দলীয় জোটের মধ্যে এনসিপি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত তারা শূন্য হাতে ফিরেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলীয় প্রতীকে প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন। দলীয় প্রার্থীদের মধ্যে ৬৩ জন নারী ও ১ হাজার ৬৯২ জন পুরুষ। স্বতন্ত্রদের মধ্যে ২০ জন নারী ও ২৫৩ জন পুরুষ প্রার্থী ছিলেন।
যেসব দল একটি আসনও পায়নি তাদের মধ্যে রয়েছে-লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী), জনতা দল, আম জনতা দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিও কোনো আসন পায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157688