চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩
মফস্বল ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
আহতরা হলেন– বজলুর রহমান (২০), মোঃ মিনহাজ (২২) ও মোঃ শুভ (২০)।শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মোঃ কালামের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুজন নিহত হন। বিস্ফোরণে গুরুতর আহত হন তিনজন।আহতদের তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমে জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতরা ককটেল তৈরির কাজের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157678