বগুড়ার সারিয়াকান্দিতে ফেসবুকে রফিকুলকে অভিনন্দন জানিয়ে শাহাবুদ্দিনের পোস্ট
সারিয়াকানাদি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে। মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন এলাকায় সংবর্ধনা জানানো হয়েছে বেসরকারিভাবে নির্বাচিত বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে। তাকে শুভেচ্ছা জানিয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ শাহাবুদ্দিনও।
নির্বাচন পরবর্তী সারিয়াকান্দিতে কোনরুপ সহিংসতার খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, সেখানে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। পুরো উপজেলায় নির্বাচনের দিন বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হলেও আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এলাকার পরিস্থিতি ছিল একেবারেই স্বাভাবিক।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এমপি নির্বাচিত হওয়ায় আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ফুলবাড়ী বাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে অধ্যক্ষ মোকছেদুল আলমসহ বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা শরিফুল ইসলাম।
একই দিনে ভেলাবাড়ী ইউনিয়নসহ বেশকিছু ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে কাজী রফিকুল ইসলামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এদিকে ভোটে হেরেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। তিনি তার নিজস্ব ফেসবুক পোস্টে জয়ী সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ছবি তার ভেরিফায়েড আইডিতে পোস্ট করে লিখেন, ”অভিনন্দন আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ভাই।
আপনার নেতৃত্বে বগুড়া-১ সংসদীয় আসন এগিয়ে যাবে এই আশা রাখি। জাতির স্বার্থে যে কোনও সহযোগিতায় পাশে থাকবো ইনশাআল্লাহ”। তার নিজস্ব ফেসবুক পোস্টে এমন মন্তব্যে শত-শত মানুষ কমেন্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন, রাজনীতি সংঘাতপূর্ণ না হয়ে এরকম সৌহার্দপূর্ণ হওয়া উচিত। হার জিত মেনে নিয়ে সবাইকে একসাথে হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, নির্বাচনের পরের দিন থানায় কোনও সহিংসতার খবর আসেনি। পুরো উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157637