শিরোপা লড়াইয়ে বড় হোঁচট আর্সেনালের
স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় হোঁচট খেলো আর্সেনাল। শীর্ষে থাকা দলটি ব্রেন্টফোর্ডের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ফলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান নেমে এসেছে মাত্র চার পয়েন্টে। একদিন আগে সিটি ৩-০ গোলে ফুলহ্যামকে হারিয়ে চাপ বাড়িয়েছিল।
ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক হেডে আর্সেনালকে এগিয়ে দেন ননি মাদুয়েকে। পিয়েরো হিনকাপির নিখুঁত ক্রস থেকে গোলটি করেন তিনি।তবে মাত্র ১০ মিনিট পর সমতা ফেরায় স্বাগতিক ব্রেন্টফোর্ড। মাইকেল কায়োদের লং থ্রো থেকে বল পেয়ে হেডে গোল করেন কিয়েনে লুইস-পটার।
সমতায় ফেরার পর ব্রেন্টফোর্ডই জয়ের বেশি কাছাকাছি ছিল। ইনজুরি সময়ে সোনালি সুযোগ নষ্ট করেন ইগর থিয়াগো। শেষ মুহূর্তে বদলি নামা গ্যাব্রিয়েল মার্টিনেলি আর্সেনালকে জয় এনে দিতে পারতেন, কিন্তু গোলরক্ষক সিয়ামিন কেলেহার দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।পুরো ম্যাচজুড়ে আর্সেনাল ছিল কিছুটা নিষ্প্রভ। অসুস্থতার কারণে উইলিয়াম সালিবার অনুপস্থিতি রক্ষণে প্রভাব ফেলেছে। প্রথমার্ধে গোলরক্ষক ডেভিড রায়ার ভুল থেকে বড় বিপদ তৈরি হলেও পরে দারুণ সেভে দলকে বাঁচান তিনি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন অধিনায়ক মাইকেল ওডিগার্ড, যা আর্সেনালের খেলায় গতি আনে। তবে শেষ পর্যন্ত দুই দলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে।
এই ড্রয়ের ফলে শিরোপা লড়াই আরও জমে উঠলো, আর আর্সেনালকে এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157575