‘হামরা বগড়ার মানুষ, তাই বগড়ার ছোলোক ভোট দিবার আচ্চি’

‘হামরা বগড়ার মানুষ, তাই বগড়ার ছোলোক ভোট দিবার আচ্চি’

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অংশ হতে ক্রাচে ভর দিয়ে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন প্রতিবন্ধী সেকেন্দার আলী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডস্থ ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে। সড়ক দুর্ঘটনায় পা হারানো ষাটোর্ধ্ব মানুষটি কোন ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে খুশি।

নির্বিঘ্নে ভোট দিয়ে উচ্ছ্বসিত সেকেন্দার আলী বগুড়ার আঞ্চলিক ভাষায় বলেন, ‘হামরা বগড়ার মানুষ, তাই বগড়ার ছোলোক ভোট দিবার আচ্চি। পা নাইতো কী হছে, ভোটের তো দাম আছে। ভোটার হিসেবে ভোট দ্যাওয়া হামার দায়িত্ব।

প্রতিবন্ধী হতে পারি, কিন্তু হামারোতো এক ভোট; একই রকম গণতি হবি।’ তিনি আরও বলেন, ‘একলা একলা চলাফেরা করতে কষ্ট হয়, তাও আচ্চি, ভোট দিছি কোন ঝামেলা হয়নি, সগলি আগেই ভোট দেওয়ার সুযোগ করে দিচে। এবার ভোট দিয়ে খুব ভাল লাগিচ্চে’

শহরতলীর এই কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছিল মানুষের সরব উপস্থিতি। ভোট শুরুর সকাল থেকে শেষ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যায়। তবে নারী ভোটারের লাইন ছিল দিনভর লম্বা। কোন ঝামেলা বা সহিংসতা ছাড়াই ওই কেন্দ্রের পাঁচ গ্রামের মানুষ এমন উৎসবমুখর পরিবেশে দীর্ঘ কয়েক বছর পর ভোট দিতে পেরে বেশ আনন্দিত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157542