নিজ নিজ আসনের ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি জিএম কাদের ও আখতার হোসেন

নিজ নিজ আসনের ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি জিএম কাদের ও আখতার হোসেন

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিজ নিজ নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই দুই শীর্ষ নেতা তাদের আসনে ভোট দিতে পারছেন না। কারণ,  তারা দুজনই ঢাকার ভোটার তালিকাভুক্ত।

রংপুর-৩ (মহানগরের একাংশ ও সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। আর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ।তাদের নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী দেখা গেছে, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা বাসা নং-৯/এ, সড়ক নং-৩৩, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০ উল্লেখ করা হয়েছে এবং তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করে দেখা গেছে তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার।

অন্যদিকে আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামে হলেও তিনি বর্তমানে ঢাকার ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তার ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে না পারায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসনের ভোটার হতে পারেন নাই। এজন্য তিনি নির্বাচন কমিশনকেই দায়ী করছেন । 

অপরদিকে আখতার হোসেন জানান, ভোটার আবেদনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলেন। নিয়ম অনুযায়ী, বর্তমান ঠিকানার ভিত্তিতেই তার নাম ঢাকার ওই এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157469