ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

মফস্বল ডেস্ক: ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এই আদেশ দেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি২১৩ এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন।

ফরিদপুর-৩ আসনের শহরের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি দেওরা গ্রামের হাফিজুর ইসলামের ছেলে তানজির ইসলাম। তিনি বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিচারিক আদালত সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে প্রিজাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগ অনুযায়ী ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। তার বিরুদ্ধে টাকা দিয়ে নির্ধারিত প্রতীকে ভোট দেওয়ায় ভোটারদের প্ররোচিত করার অভিযোগ পাওয়া যায়। যা নির্বাচনি আইন-২০২৫ এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় নির্বাচনি আইন, ১৯৭২-এর ৯১(বি)(২) ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, ওই পোলিং এজেন্ট বিএনপির ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মধ্যে টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াতের পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত এসে ব্যবস্থা নিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157454