সরাইলে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পোলিং কর্মকর্তার মৃত্যু

সরাইলে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পোলিং কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, সকাল থেকেই দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে মনে হচ্ছে।

 

মুজাহিদুল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157433