সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩
সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশের চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের বেলা ওই তিন তরুণ কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসী তাদের বাধা দেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্র জানায়, আটক তরুণরা নিজেদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে রাতে কেন তারা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা প্রকৃতপক্ষে অনুমোদিত পর্যবেক্ষক কি না এবং কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না—তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। সিলেটে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হওয়া উচিত, কিন্তু এ ধরনের ঘটনা ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি করতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157390