মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের পূর্ব রাখিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ছয়জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্ব রাখিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা অবস্থান করছিল। এ সময় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা আকস্মিক হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় ফুটবল প্রতীকের ১০ সমর্থক আহত হয়েছেন। স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- ইকবাল খান (৩৭) আলহাজ্ব আব্দুর জব্বার বেপারী (৫৩) মাহাবুবর হাসান সোহাগ (৪২) জুয়েল রানা (৩৫), জয় বেপারী (৩০) ও রুবেল (৩৭)। বাকি চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ফলে তাদের নাম জানা যায়নি।
আহত আব্দুর জব্বার বেপারী বলেন, শিলই এলাকা থেকে ধানের শীষের শতাধিক লোকজন লাঠি, দাসা ও দেশীয় অস্ত্র নিয়ে ফুটবল মার্কার সমর্থকদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ খবর পেয়ে ফুটবল প্রতীকের অপর সমর্থকরা এগিয়ে গেলে দু’পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ধানের শীষের লোকজন ফুটবল মার্কার লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157380