উত্তরের বিভিন্ন জেলার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনি সামগ্রী প্রেরণ
করতোয়া ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উত্তরের বিভিন্ন জেলার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনি সামগ্রী প্রেরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানান-
দিনাজপুর : দিনাজপুরে ৬টি সংসদীয় আসনে ৮৪৪টি ভোট কেন্দ্রে ক্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণে উপকরণ প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুরে দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে, নির্বাচনে ভোটগ্রহণে উপকরণগুলো প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট বিতারণ করা হয়েছে।
তিনি বলেন, ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বুধবার বিকাল সাড়ে ৩টার মধ্যে তাদের কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার বেশিরভাগ কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের সহযোগীদের নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। তারা ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য পূর্ব প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা ও অন্যান্য নির্বাচন সামগ্রী বুঝে নিয়েছেন। একই সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা রিটানিক কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সবগুলো ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোট গ্রহণসহ সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত হবে।
রংপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে রংপুরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম। গতকাল সকালে নগরীর জিলা স্কুল মাঠ থেকে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়। সরঞ্জাম বিতরণের পূর্বে জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা।
রংপুর জেলার ভোটকেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব সেক্টর ও সেক্টর ভাগ করে ভোটার, ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জমাদির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি রয়েছে বডিওর্ন ক্যামেরা। ইতোমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, নিরাপত্তার সাথে রংপুরের ৬টি সংসদীয় আসনের কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়।
নওগাঁ : নওগাঁ জেলার ৬টি আসনের মোট ৭৮২টি কেন্দ্রে ব্যালটবাক্স, ব্যালটপেপারসহ ভোটগ্রহণের অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ-৫ সদর আসনের ১২৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার ও ব্যালটবাক্সসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়।
নির্বাচন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা কেন্দ্রে প্রবেশ করেন। একইভাবে নওগাঁ জেলার অন্যান্য আসনের কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী প্রেরণ করা হয়েছে।
নওগাঁ জেলায় চলতি সংসদ নির্বাচনে মোট ৭৮২ কেন্দ্রে ভোটারবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৭৮২টি কেন্দ্রে ৬হাজার ১৭০টি ব্যালট বাক্স সরবরাহ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। জেলায় ২ হাজার ২৫০ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ২৯ প্লাটুন বিজিবি সদস্য, ৫০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য কর্তব্যরত থাকবেন। পাশাপাশি ১০ হাজার আনসার সদস্য মাঠে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে সকল কেন্দ্রে নির্বাচনি বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এসব বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে ৭০৬টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোট বাক্স ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী সকল কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এসব কেন্দ্রে মোট ভোটার ১৯লাখ ৯৯হাজার ৯৩৭জন।
এসব সামগ্রী জেলার ৯ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিজ নিজ কেন্দ্রে আনসার সদস্যদের মাধ্যমে গাড়িতে করে সকল প্রিজাইডিং অফিসারগণ গ্রহণ করেন। এসব তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩জনসহ ১৩ জন আনসার, অস্ত্রধারী ২জন পুলিশ সদস্য ও ১০জন লাঠিয়াল একাজে রয়েছেন নিরাপত্তায়। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এছাড়াও প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছে বলে জানা গেছে।
নাটোর : রাত পোহালে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানোর কাজ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে গতকাল বেলা ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ হলরুম থেকে নাটোর-২ আসনের নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়।
এ আসনের ১৫৬টি কেন্দ্রের পিজাইডিং অফিসারগণ কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটর্নিং অফিসার আরিফ আদনানের কাছ থেকে নির্বাচনি সামগ্রী বুঝে নেন। এসময় ইউরোপীয় ইউনিয়নের ২জন পর্যবেক্ষক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। নাটোর জেলার ৪টি আসনে সেনাবাহিনী,বিজিবি,পুলিশ,র্যাব আনসার মিলিয়ে আজ বৃহস্পতিবার ১০ হাজার ১৭১ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসনের কেন্দ্রসমূহে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সকল উপজেলা পরিষদ থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনি সামগ্রী বুঝে নেন প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা। বিকেল পর্যন্ত সামগ্রী বিতরণ চলে। সামগ্রী গ্রহণের পর সংশ্লিস্টরা নিজ নিজ কেন্দ্রের পথে বিভিন্ন যানবাহনযোগে রওনা হন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুম বলেন, তফসিল ঘোষণার পর যে রোডম্যাপ নিয়ে কাজ শুরু করেছি তার শেষ ধাপে রয়েছি। ভোট উৎসবের মধ্য দিয়ে তা শেষ হবে। ভোটগ্রহণ সামগ্রী প্রথমে সকল উপজেলায় পাঠানো হয়।
বুধবার উপজেলা থেকে সেগুলো জেলার ৫১৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রেরণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা রাখা হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা কেন্দ্র পরিদর্শনের পর বুধবার নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাচ্ছেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সেনাসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম এবং ব্যালট পেপার পাঠানো হয়।
এর আগে উপজেলা পরিষদের চত্বরের পাশে ঈদগাহে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীরেক ব্রিফ করেন এএসপি সি সার্কেল এবিএম রশিদুল বারী। এ সময় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে প্রতিটি কেন্দ্র এখন নিরাপত্তার চাদরে ঢাকা।
উপজেলার ১১৩ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে। প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারাও নিজ নিজ কেন্দ্রে অবস্থান নিয়েছেন। নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। এ ছাড়াও ব্যাটেলিয়ান, পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার পপি খাতুন বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
সিংড়া (নাটোর): নাটোরের-৩ সিংড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১৮ কেন্দ্রে মালামাল প্রেরণ করা হয়। এর মধ্যে ৩৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকল কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১১৮ টি কেন্দ্রে ও ৬৩১ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এর জন্য ১১৮ জন প্রিজাইডিং অফিসার, ৬৩১ জন সহকারী প্রিজাইডিং, ১হাজার ২৬২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। মোট ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ১লাখ ৬৪হাজার ৮৮ জন পুরুষ ও ১লাখ ৬২হাজার ৭৮১ জন মহিলা ও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোট দেবেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
ফুলছড়ি (গাইবান্ধা) : গাইবান্ধা-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে অবস্থান নিয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাট উপজেলায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে উপজেলার ৫৩টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অমোচনীয় কালীসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার প্রশান্ত চক্রবর্তী।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উপজেলায় ৫৩টি কেন্দ্রে দায়িত্ব পালনে থাকছেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪টি মোবাইল টিম, ৩টি স্ট্রাইকিং টিম, ২ প্লাটুন বিজিবি ও প্রতিটি ভোট কেন্দ্রে ১জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার প্রশান্ত চক্রবর্তী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬৩টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলসহ ভোটের সব উপকরণ পৌঁছে গেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. আল ইমরান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনি সামগ্রী হস্তান্তর করেছেন। বিষয়টি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার মো. আল ইমরান নিশ্চিত করেছেন।
নির্বাচনি সরঞ্জাম, প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে প্রিজাইডিং অফিসাররা ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে ভোট কেন্দ্রে নিয়ে যান।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জে ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনের ভোটগ্রহণের জন্য ব্যালট বাক্স, সিলসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। গতকাল সকালে উপজেলা অডিটরিয়াম হলরুম থেকে ৯৮টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আয়েশা সিদ্দিকা জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। আর নির্বাচনকে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। আশা করছি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে এ উপজেলায় ২ লাখ ৭৪ হাজার ৮৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, থানা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপাপ্ত পুলিশ অফিসার তাদের দায়িত্ব পালন করবেন। তারপরও সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর খালেক পাটোয়ারী জানান, এ নির্বাচনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157365