রাজশাহীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

রাজশাহীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় দিন-দুপুরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ব্যক্তির নাম বিরাজ আলী (৪৭)। চারঘাটের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তিনি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে রামচন্দ্রপুর গ্রামেই রাস্তায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

রামচন্দ্রপুর গ্রামে বিরাজ আলীর একটি দোকান আছে। এর পাশে তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের একটি নির্বাচনি কার্যালয় চালান। বিরাজ আলী ইউনিয়ন বিএনপির সদস্য।

দুর্বৃত্তের হামলায় বিরাজ আলীর হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে এলাকাবাসী প্রথমে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে আনার পর তার হাতে ও পায়ে অস্ত্রোপচার করা হয়। তিনি এখন হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকরকে বিশ্বাস বলেন, বিরাজ আলীর দুই পায়ে হাঁটুর নিচে এবং দুই হাতে ধারালো অস্ত্রের জখম ছিল। আমাদের অর্থোপেডিক্স চিকিৎসক ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরবর্তীতে একটি অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157339