দিনাজপুরে ৮৪৪ টি ভোটকেন্দ্রে ৪৯৯৩টি সিসি ক্যামেরা স্থাপন
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর ৬টি সংসদীয় আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে ৮৪৪টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৯৯৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী বাসসকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে প্রথম বারের মত ভোটকেন্দ্রে, প্রত্যেকটি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে জেলার ৬টি আসনে ভোটকেন্দ্রগুলো ভোটগ্রহণের জন্য সংস্কার কার্য সম্পূর্ণ করা হয়েছে। যে সব ভোট কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ ছিল না, সেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাত পর্যন্ত জেলার ১৩ টি উপজেলায় ৮৪৪ টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৯৯৩টি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হয়েছে।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: জিলহাজ উদ্দিন বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রত্যেকটি ভোটকেন্দ্রের প্রত্যেকটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ফলে, কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত অফিসারগণ, তার কক্ষে বসে ভোট কেন্দ্রের সর্ব স্থান মনিটরিং করতে পারবেন। এছাড়া যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও ভোট দানে বিঘ্নকারীদের তাৎক্ষণিক শনাক্ত করা সহজ হবে।
তিনি বলেন, এবারে জেলায় ৮৪৪টি ভোট কেন্দ্রে ৮৮৭ জন প্রিজাইডিং, ৫ হাজার ২৪১ জন সহকারী প্রিজাইটিং এবং ১০ হাজার ৪৮৬ জন পোলিং অফিসারসহ মোট ১৬ হাজার ৬১৪ জন জনবল ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
এসব জনবল এর মধ্যে দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ-কাহারোল)- ২ হাজার ৫৮৭ জন, দিনাজপুর-২ আসনে (বিরল-বোচাগঞ্জ) ২ হাজার ৩১৩ জন, দিনাজপুর-৩ সদর আসনে ২ হাজার ৫৫৩ জন, দিনাজপুর-৪ আসনে (চিরিরবন্দর-খানসামা) ২ হাজার ৬২৫ জন, দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর-ফুলবাড়ী) ২ হাজার ৯৫৭ জন এবং দিনাজপুর-৬ আসনে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) ৩ হাজার ৫৯৯ জন জনবল নিয়োগ করা হয়েছে।
তিনি বলেন, ভোট গ্রহণের দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ৬টি আসনের ১৩ টি উপজেলায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবেন। কোন ধরণের অপ্রতিকর ঘটানার সংবাদ পাওয়া মাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হবেন। নির্বাচন কমিশনের আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান করবেন বলে তিনি অবহিত করেন।
দিনাজপুরে ক্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনী এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সমন্বয়ে সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আশ্বস্ত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157254