আইন শৃঙ্খলা রক্ষায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের প্রস্তুতি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোবিন্দগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে তৎপরতা শুরু করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
নির্বাচনকালীন সময় যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে থানা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা প্রস্তুতিমূলক ব্যবস্থা। নিয়মিত টহল জোরদার করা হয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, ভোটকেন্দ্র এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধীদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, নাশকতা ও যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।
থানা পুলিশ সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় ভোটারদের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157249